মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর প্রচলিত পদ্ধতির পাশাপাশি এক লাইনে (আনুভূমিক রেখায়) লেখার অনুমোদন দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে মোটরসাইকেলের বৈচিত্র্যময় নকশা অনুযায়ী একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ গেজেটে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধনের এ প্রজ্ঞাপন প্রকাশিত হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারিকৃত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশক অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহার করতে হবে। এছাড়া সামনের নম্বরপ্লেটের অক্ষরের আকার, ফাঁকা জায়গা এবং রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটের নির্দিষ্ট পরিমাপ নির্ধারণের পূর্ণ এখতিয়ার বিআরটিএকে দেওয়া হয়েছে। নতুন এই সংশোধনী অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।






















