বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ (শুক্রবার) ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে এটি আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। এ কারণে আজ তাকে লন্ডন নেওয়া হচ্ছে না। আগামী রোববার (৭ ডিসেম্বর) তাকে লন্ডন নেওয়া হতে পারে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন।
- বিলম্বের কারণ: মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আজ (শুক্রবার) আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।
- ফ্লাইটের সময়: বিএনপি মহাসচিব বলেন, “ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।”
এদিকে, খালেদা জিয়াকে লন্ডন নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড এবং চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর হৃৎপিণ্ড এবং ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 






















