বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে হজ ফ্লাইটে আরোপিত কর ও বিভিন্ন চার্জ কমানোর জন্য সৌদি আরবের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে সৌদি সরকার ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়া।
সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়া এক সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন।
বৈঠকে মন্ত্রী আফরোজা খানম উল্লেখ করেন, সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ হ্রাস করা হলে বাংলাদেশের বিপুলসংখ্যক হজযাত্রীর ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এ বিষয়ে তিনি সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন। জবাবে সৌদি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মান উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি সরকার আন্তরিকভাবে কাজ করছে।
বৈঠকে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশি হজযাত্রীদের জন্য ক্যাটাগরি-ডি আবাসন সুবিধার অনুপস্থিতির কারণে প্রতিযাত্রীর আবাসন ব্যয় বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। তিনি বাংলাদেশি হজযাত্রীদের স্বার্থে এই ক্যাটাগরি পুনর্বহালে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনা খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে উভয়পক্ষ হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণ এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
রিপোর্টারের নাম 






















