আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে মোট ৯ ঘণ্টা করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে ভোটকক্ষের সংখ্যা দ্বিগুণ করার কথাও ভাবা হচ্ছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এই তথ্য জানান।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে মোট ৯ ঘণ্টা করার পরিকল্পনা করা হয়েছে। সেইসঙ্গে ভোটকক্ষে থাকা গোপনকক্ষ (গোপন বুথ) দ্বিগুণ করার ভাবনা রয়েছে, যাতে ভোটাররা দ্রুত ভোট দিতে পারেন। এই বিষয়ে এবং ভোটের গণনায় যাতে বিলম্বিত না হয়, সেই সংক্রান্ত সিদ্ধান্ত আগামী রোববার (৭ ডিসেম্বর) অনুষ্ঠেয় কমিশন সভায় নেওয়া হবে।
নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ক্ষণগণনা চলছে এবং সব ধরনের প্রস্তুতি শেষের দিকে। রোববার (৭ ডিসেম্বর) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সভায় বসবে। এদিনই সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের দিন নির্ধারণ চূড়ান্ত করতে চায় ইসি। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর আনুষ্ঠানিকতা সেরে সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে। ইসির একটি সূত্র জানিয়েছে, নির্বাচনের তারিখ ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারণ হতে পারে।
রিপোর্টারের নাম 























