চাঁদপুরের শাহরাস্তি মডেল থানায় কর্মরত পাঁচজন পুলিশ সদস্যকে মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছেন। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক আরিফ হোসাইন, সহকারী উপপরিদর্শক শহীদ উল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন, গাড়িচালক নজরুল ইসলাম এবং কনস্টেবল ইসতিয়াক।
ঘটনার সূত্রপাত গত ২৮ জুলাই, যখন উপজেলার আয়নাতলী বাজারে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে স্থানীয় জনতা আটক করে। এ সময় পুলিশের সঙ্গে আটককৃত মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের কথোপকথন এবং অর্থ লেনদেনের বিভিন্ন তথ্য তার মোবাইল ফোনে পাওয়া যায়। বিষয়টি জনসমক্ষে আসার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে একটি তদন্ত শুরু করা হয়। প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় চাঁদপুর পুলিশ সুপার তাদের সাময়িকভাবে বরখাস্ত করার আদেশ দেন। এদিকে, পুলিশের সঙ্গে মাদকের যোগসাজশের বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে ৩ আগস্ট এএসআই শহিদুল্লাহ এবং ৫ আগস্ট কনস্টেবল শরিফ উদ্দিন তড়িঘড়ি করে কুমিল্লায় বদলি হয়ে যান।
শাহরাস্তি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তাই পাঁচজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, তারা চূড়ান্তভাবে দোষী প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 


















