ঝিনাইদহের মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালোইঞ্জিন চালিত ‘আলমসাধু’ উল্টে আমিনুর রহমান (২৫) নামের এক তরুণ মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার নেপা ইউনিয়নের নোয়ানীপাড়া সস্তার বাওড় সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আমিনুর ওই ইউনিয়নের সেজিয়া নলবিলপাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বিকেলে মাছ বিক্রি শেষ করে নিজের আলমসাধু নিয়ে বাড়ি ফিরছিলেন আমিনুর। পথে সড়কের একটি ভাঙা অংশে পৌঁছালে তিনি যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় আলমসাধুটি ছিটকে রাস্তার পাশের একটি ডোবায় পড়ে গেলে তিনি মাথায় মারাত্মক আঘাত পান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 




















