ভারতের উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় স্কুলে যাওয়ার জন্য রাস্তা নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। মঙ্গলবার, শিক্ষার্থীরা অভিভাবক ও গ্রামবাসীদের সঙ্গে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে জেলা কালেক্টরেটের সামনে অবস্থান নেয়।
জেন-আলফা বিক্ষোভকারীদের অভিযোগ, ভারতের স্বাধীনতার পর থেকে চাঁদুপুর থেকে হামিরপুরের দিকে তাদের গ্রামের জন্য কোনো পাকা রাস্তা তৈরি হয়নি। বর্ষাকালে কাঁচা রাস্তা পানিতে ডুবে যাওয়ায় শিক্ষার্থীদের কাদা-পানি পেরিয়ে স্কুলে যেতে হয়। এতে তাদের পোশাক নোংরা হওয়া, জুতা নষ্ট হওয়া এবং যাতায়াত কঠিন হয়ে পড়া সহ নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তারা আরও দাবি করে যে, রাস্তার অভাবে এক শিক্ষার্থীকে স্কুল ছাড়তেও হয়েছে।
‘কৃষক, ছাত্র ও অসুস্থরা সমস্যায়—চাঁদুপুর-হামিরপুর সড়ক নির্মাণ করো’—এমন স্লোগান লেখা পোস্টার নিয়ে শিক্ষার্থীরা দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানায়।
স্থানীয় এসডিএম অভিষেক কুমার ও সার্কেল অফিসার শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করেন। দ্রুত রাস্তার কাজ শুরুর আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, জেন জি-র প্রতিবাদী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ জেন-আলফাদের এই আন্দোলনকে প্রশংসা করেছেন। সংগঠনটি স্বাধীনতা দিবসে গ্রামীণ সরকারি স্কুলগুলোর উন্নয়নে ‘স্কুল ঠিক করো’ নামে একটি প্রচারাভিযান শুরু করার পরিকল্পনা করেছে।
রিপোর্টারের নাম 



















