ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সাবেক অফিস সহকারী আবদুল বাকের হোসেনের ভাড়া বাসা থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সংলগ্ন ওই বাসার নিচতলা থেকে এসব ত্রাণ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১০ বস্তা চাল (৩০০ কেজি), ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি করে লবণ ও চিনি, ৩৩ কেজি মসুর ডাল এবং বিভিন্ন মশলার প্যাকেট। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এসব সামগ্রী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছিল।
আবদুল বাকের গত বছরের ১০ জুলাই ফুলগাজী উপজেলায় যোগদান করেন এবং চলতি বছরের ২২ জুলাই তাকে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় বদলি করা হয়। তবে বদলির পরও তিনি ফুলগাজীর ভাড়া বাসাটি ছাড়েননি। ফুলগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাজীব আহমেদ জানান, বাকের বর্তমানে সন্দ্বীপে কর্মরত আছেন এবং সন্তানদের পড়ালেখার কারণে বদলির পরও ফুলগাজীর বাসায় ছিলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া বলেন, জব্দ করা মালামাল থানা হেফাজতে রয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয় এবং উদ্ধার হওয়া মালামালের প্যাকেটে থাকা তথ্য অনুযায়ী, এগুলো ২০২৪-২৫ অর্থবছরের সরকারি ত্রাণসামগ্রী।
রিপোর্টারের নাম 


















