আঞ্চলিক নিরাপত্তা ও সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে ইরান সফর করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সফরকালে নাকভি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের একটি বিশেষ বার্তা পৌঁছে দিয়েছেন।
তেহরানে অবস্থানকালে নাকভি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইসকান্দার মোমেনির সঙ্গেও উচ্চপর্যায়ের বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, নিরাপত্তা সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় গঠনমূলক যোগাযোগের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। তবে প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের প্রেরিত বার্তার সুনির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং মার্কিন নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচলের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























