স্মার্টফোন পরিবর্তনের পর অনেকেই হোয়াটসঅ্যাপের পুরোনো মেসেজ, ছবি বা ভিডিও খুঁজে পেতে সমস্যায় পড়েন। বিশেষ করে আগের ফোনে চ্যাটের ব্যাকআপ না থাকলে এই তথ্যগুলো পুনরুদ্ধার করা বেশ কঠিন হয়ে পড়ে। তবে, সঠিক পদ্ধতিতে ব্যাকআপ নেওয়া থাকলে নতুন ফোনেও আগের হোয়াটসঅ্যাপের ডেটা ফিরিয়ে আনা সম্ভব।
ফোন পরিবর্তনের আগে ব্যাকআপ নেওয়া অত্যন্ত জরুরি। হোয়াটসঅ্যাপের চ্যাট, ছবি ও ভিডিও সুরক্ষিত রাখতে নিয়মিত ব্যাকআপ নেওয়া উচিত। অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত গুগল অ্যাকাউন্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপ সংরক্ষণ করা যায়।
ফোন বদলানোর আগে পুরোনো ডিভাইস থেকে সর্বশেষ একটি ম্যানুয়াল ব্যাকআপ নেওয়া সবথেকে নিরাপদ। এর জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলে ওপরের ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে যেতে হবে। এরপর সেটিংস > চ্যাটস > চ্যাট ব্যাকআপ অপশনে প্রবেশ করতে হবে।
এখানে ব্যাকআপের জন্য গুগল অ্যাকাউন্ট নির্বাচন করার সুযোগ রয়েছে। ব্যবহারকারীরা চাইলে প্রতিদিন, সপ্তাহে একবার বা মাসে একবার স্বয়ংক্রিয় ব্যাকআপ চালু রাখতে পারেন। ভিডিওগুলোও ব্যাকআপে রাখতে চাইলে ‘ইনক্লুড ভিডিওস’ অপশনটি চালু করতে হবে। সবশেষে ‘ব্যাকআপ’ নির্বাচন করলে সর্বশেষ চ্যাটের ম্যানুয়াল ব্যাকআপ তৈরি হয়ে যাবে।
নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করার পর পুরোনো ফোনে ব্যবহৃত একই মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট যাচাই করতে হবে। এরপর নতুন ফোনে সেই একই গুগল অ্যাকাউন্ট যুক্ত করতে হবে, যেটিতে পুরোনো হোয়াটসঅ্যাপ ব্যাকআপ সংরক্ষিত ছিল।
ব্যাকআপ শনাক্ত হওয়ার পর হোয়াটসঅ্যাপ সাধারণত রিস্টোর করার একটি অপশন দেখায়। এখানে ‘রিস্টোর’ নির্বাচন করলে ব্যাকআপে থাকা চ্যাটগুলো নতুন ফোনে আসতে শুরু করবে। ব্যাকআপে ছবি ও ভিডিও থাকলে সেগুলোও ধীরে ধীরে পুনরুদ্ধার হতে পারে।
তবে মনে রাখতে হবে, ব্যাকআপে যে তথ্য সংরক্ষিত ছিল, শুধুমাত্র সেটুকুই পুনরুদ্ধার করা সম্ভব। তাই নতুন ফোনে যাওয়ার আগে সর্বশেষ ব্যাকআপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কখনো পর্যাপ্ত স্টোরেজ না থাকা, দুর্বল ইন্টারনেট সংযোগ অথবা গুগল অ্যাকাউন্টের সমস্যার কারণে ব্যাকআপ বা রিস্টোর প্রক্রিয়া আটকে যেতে পারে। এমন পরিস্থিতিতে, প্রথমে ফোনটি রিস্টার্ট করে আবার চেষ্টা করা যেতে পারে। এরপর ইন্টারনেট সংযোগ পরীক্ষা করে দেখতে হবে। ওয়াই-ফাই ব্যবহার করলে অন্য নেটওয়ার্কে চেষ্টা করা যেতে পারে। প্রয়োজনে মোবাইল ডেটার মাধ্যমেও রিস্টোর প্রক্রিয়া চালিয়ে দেখা যেতে পারে। এছাড়াও, ফোনে পর্যাপ্ত খালি স্টোরেজ রয়েছে কিনা, তা নিশ্চিত করা প্রয়োজন।
রিপোর্টারের নাম 


















