আন্তর্জাতিক ক্রিকেটের চড়াই-উতরাই পেরিয়ে এখন বেশ পরিণত অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বেউ ওয়েবস্টার। মাত্র আটটি টেস্টের অভিজ্ঞতা থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পারফর্ম করা কিংবা অ্যাশেজের দল থেকে বাদ পড়ার মতো বিচিত্র অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজকে কেন্দ্র করে নিজের পরিকল্পনা ও লক্ষ্যের কথা জানিয়েছেন এই অজি ক্রিকেটার।
ওয়েবস্টার মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটের আসল চাপ মাঠে না নামলে বোঝা সম্ভব নয়। সিডনি টেস্টে অপরাজিত ৭১ রান এবং তিন উইকেট নেওয়ার পর তিনি এখন মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী। তার মতে, গত এক বছরের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে কীভাবে বড় ম্যাচে এবং বিপুল দর্শকের সামনে নিজের সেরাটা দিতে হয়। এখন তিনি অজি একাদশে নিজের জায়গা স্থায়ী করতে পুরোপুরি প্রস্তুত।
নিজের ভূমিকা সম্পর্কে ওয়েবস্টার স্পষ্ট করে বলেন, তিনি কেবল নিজের কাজটা ঠিকঠাক করে যেতে চান। ব্যাটে কিংবা বলে—যেকোনো বিভাগেই দলের জয়ে অবদান রাখাই তার প্রধান লক্ষ্য। ক্যামেরুন গ্রিনের মতো তিনিও একজন অলরাউন্ডার হিসেবে দলে নিজের প্রয়োজনীয়তা প্রমাণ করতে বদ্ধপরিকর। তার লক্ষ্য এমনভাবে পারফর্ম করা, যাতে তাকে একাদশ থেকে বাদ দেওয়া নির্বাচকদের জন্য কঠিন হয়ে পড়ে।
রিপোর্টারের নাম 
























