ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একটি ছোট নৌকায় রেকর্ডসংখ্যক ২৩০ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার নৌকাটি যুক্তরাজ্যের উপকূলে ভেড়ে। এর আগে, এক নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সর্বোচ্চ রেকর্ড ছিল ১৬৫ জন, যা গত জুলাই মাসে সংঘটিত হয়েছিল।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার মোট চারটি নৌকায় করে ২৫৮ জন অভিবাসী চ্যানেল অতিক্রম করে দেশটিতে প্রবেশ করেন। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেন, এই ঘটনা মানবপাচারকারী চক্রগুলোর বেপরোয়া ও বিপজ্জনক কৌশলের প্রমাণ দেয়। তারা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষকে অনুপযোগী নৌযানে তুলে দিয়ে জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।
তবে, একটি নৌকায় রেকর্ডসংখ্যক মানুষ চ্যানেল পাড়ি দিলেও, চলতি বছরে সামগ্রিকভাবে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পার হওয়ার ঘটনা কমেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার ৮২০ জন ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ৪৩ শতাংশ কম এবং ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ কম।
রিপোর্টারের নাম 























