হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি) প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ একটি সন্দেহভাজন গাড়ি উদ্ধার করেছে। তবে, অভিযানের সময় গাড়িটির চালক মো. শামীম মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি তল্লাশির জন্য থামানো হলে চালক শামীম মিয়া পরিস্থিতি বুঝতে পেরে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তারা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা বিভাগ জানায়, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যা প্রায় ১৫৫.৩৫ ভরি। কাস্টমস হাউস ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে এটি ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।
গাড়িতে আরও তল্লাশি চালিয়ে তিনটি মোবাইল ফোন, নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এই বিপুল পরিমাণ স্বর্ণ কোথা থেকে আনা হচ্ছিল ও কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা। এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 



















