হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফল কিনতে এসে এক ব্যবসায়ীর দোকান থেকে মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাসেলের বিরুদ্ধে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঘটনাটি শনিবার সন্ধ্যায় আজমিরীগঞ্জ মধ্যবাজারে থানাসংলগ্ন রাজিব মিয়ার ফলের দোকানে ঘটে।
প্রায় ১ মিনিট ৯ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এসআই রাসেল ফল কেনার পর দোকানি রাজিব মিয়াকে টাকা পরিশোধ করেন। এরপর তিনি বাম হাতে নিজের মোবাইল ফোন নেওয়ার পাশাপাশি টেবিলের ওপর রাখা আরেকটি মোবাইল ফোন ডান হাতে তুলে পকেটে রাখেন এবং দোকান থেকে বেরিয়ে যান। দোকানি নিজের মোবাইল ফোন খুঁজে না পেয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন এবং পরে ফুটেজে ধারণ করা দৃশ্য স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়ে।
বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ বিভাগের ভাবমূর্তির কথা বিবেচনা করে রাতেই উভয় পক্ষের উপস্থিতিতে আলোচনা করে ঘটনার সমাধান করা হয়েছে বলে পরিচয় প্রকাশ না করার শর্তে বাজারের এক ব্যবসায়ী জানিয়েছেন। তবে, অভিযোগের বিষয়ে জানতে এসআই রাসেলের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি আপসে সমাধান করা হয়েছে। অন্যদিকে, ওসি মোহাম্মদ আকবর হোসেন জানিয়েছেন, ফল ব্যবসায়ী ও দারোগার মোবাইল একই স্থানে রাখার কারণে ভুলবশত মোবাইলটি নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, তাদের মধ্যে মিটমাট হয়েছে এবং হারানো মোবাইলটির জন্য ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখা হলেও, তাদের কোনো অভিযোগ নেই। তবে, এ ব্যাপারে ওই দারোগার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























