বরিশালের উজিরপুরে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে এক বিশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুমের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক রোজী ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া সুলতানা, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সর্দার সিদ্দিকুর রহমান এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উজিরপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের ম্যানেজার সিলভিয়া ডেইজি।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আলী সুজা বলেন, সন্তানের প্রথম ও সবচেয়ে প্রভাবশালী শিক্ষক তার মা। মায়েরা সচেতন হলে শিক্ষার গুণগত মান বাড়ানো সহজ হবে। কৃতি শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বামরাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল আজিজ হাওলাদার, এসএম হস্তিশুন্ড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এসএমসি সদস্য মো. আনোয়ার হোসেন মোল্লা, সমাজসেবক মোহাম্মদ ইউসুফ রাড়ী, পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম সত্তার মল্লিক ও রিজিয়া বেগম বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বরিশাল জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মনোনীত হওয়ায় মো. আলী সুজাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে মনোনীত হওয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামকেও সম্মাননা প্রদান করা হয়।
রিপোর্টারের নাম 



















