যুদ্ধবিধ্বস্ত গাজায় যেখানে মানুষেরই আশ্রয় খুঁজে পাওয়া দুষ্কর, সেখানে প্রাণীদের জন্য মানবিক আশ্রয় তৈরি করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক সৃজনশীল ব্যক্তি। বাড়িঘরে ব্যবহারের পর ফেলে দেওয়া খালি টিনের কৌটা ব্যবহার করে তিনি কুকুর ও তার ছানাদের জন্য একটি নিরাপদ ও আরামদায়ক অস্থায়ী আশ্রয় নির্মাণ করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একটি প্রতিবেদনে এই মানবিক উদ্যোগের কথা জানানো হয়েছে। প্রথমে একটি নির্দিষ্ট স্থান পরিষ্কার করে ঘরটির ভিত্তি স্থাপন করা হয়। এরপর সারিবদ্ধভাবে খালি টিনের কৌটা সাজিয়ে দেয়াল তৈরি করা হয় এবং সবশেষে ঘরের কাঠামো স্থায়ী করে উপরে ছাদ বসানো হয়।
প্রখর রোদ থেকে কুকুরদের সুরক্ষা দিতে ছাদের ওপর ঝাড়ু ও বিশেষ আচ্ছাদন ব্যবহার করা হয়েছে, যা ঘরের ভেতরের তাপমাত্রা তুলনামূলকভাবে কম রাখতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। নতুন এই আশ্রয়ে একটি মা কুকুর ও তার ছানাদের স্বাচ্ছন্দ্যে প্রবেশ করার দৃশ্য নির্মাতার জন্য এনে দেয় আনন্দ ও তৃপ্তির এক অনন্য মুহূর্ত।
ফেলে দেওয়া বর্জ্যকে পুনর্ব্যবহার করে প্রাণীদের জন্য এমন সৃজনশীল ও মানবিক উদ্যোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পরিবেশ রক্ষার পাশাপাশি অসহায় প্রাণীদের প্রতি দায়িত্ববোধের এই দৃষ্টান্ত অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন অনেকে।
রিপোর্টারের নাম 
























