লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবারের আয়োজনে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতরা হলেন—বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০) ও ইয়াসিন (২২)। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, খাবারের টেবিলে মাংসের পরিমাণ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, যা মুহূর্তেই হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই মারামারি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
রিপোর্টারের নাম 






















