সাতক্ষীরার শ্যামনগরে এক নারীর ঘরে আপত্তিকর অবস্থায় আটকের পর আব্দুল মান্নান (৪৫) নামে এক যুবদল নেতাকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল মান্নান শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই নারীর বাড়িতে অপরিচিত ব্যক্তির উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা ঘরটি ঘেরাও করে। পরে ভেতর থেকে দরজা ভেঙে তাকে আটক করে উত্তেজিত জনতা মারধর করে। খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে যান। ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী নারীর অভিযোগ, একটি এনজিওতে কাজ করার সুবাদে পরিচয়ের সূত্র ধরে মান্নান তাকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার রাতে কৌশলে তিনি বাড়িতে প্রবেশ করলে স্থানীয়রা বিষয়টি টের পান। উল্লেখ্য, এই নেতার বিরুদ্ধে এর আগেও বিগত ২০২৫ সালে চাঁদাবাজি এবং প্রেসক্লাবে হামলার মতো বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান বাবু জানিয়েছেন, বিষয়টি দলীয় হাইকমান্ডের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্যামনগর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে তারা অবগত থাকলেও এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 





















