কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট গ্রাউন্ডেড করা হয়েছে। টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি-৩০৬ ফ্লাইটটির প্রেসারাইজেশন সিস্টেমে সমস্যা দেখা দেওয়ায় ফিউমিচিনো বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এতে উড়োজাহাজটিতে থাকা ২৫৬ জন যাত্রী প্রায় সাত ঘণ্টা পর নিচে নামার সুযোগ পান।
বিমান সূত্রে জানা গেছে, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামানো হলেও ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তাৎক্ষণিকভাবে তাদের হোটেলে স্থানান্তর করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে যাত্রীদের হোটেলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আটকে পড়া যাত্রীদের জন্য উড়োজাহাজে থাকা খাবার সরবরাহ করা হয়েছে।
এ ঘটনায় ঢাকা থেকে বিশেষজ্ঞ প্রকৌশলী এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রকৌশলীরা সেখানে পৌঁছে কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ সম্পন্ন করবেন। প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে উড়োজাহাজটি পুনরায় উড্ডয়নের অনুমতি পাবে। এদিকে, এই উড়োজাহাজটি দিয়ে পরিচালিত হওয়ার কথা থাকায় ঢাকা-রোম-টরন্টো রুটের বিজি-৩০৫ ফ্লাইটটিও বিলম্বিত হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই কারিগরি পরীক্ষার কাজ চলছে। ত্রুটি পুরোপুরি নিরসন না হওয়া পর্যন্ত ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে না। সংশ্লিষ্ট যাত্রীদের হালনাগাদ সময়সূচি নিয়মিতভাবে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























