বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, দেশের শ্রমিক সমাজ আজও তাদের ন্যায্য অধিকার ও পাওনা মজুরি থেকে বঞ্চিত। অথচ শ্রমিকদের অধিকার আদায়ের নাম করে নেতৃত্বে থাকা একদল সুবিধাভোগীর ভাগ্যের ব্যাপক পরিবর্তন হয়েছে, তাদের পকেট ভারী হয়েছে; কিন্তু সাধারণ শ্রমিকের জীবনমানের কোনো দৃশ্যমান উন্নতি হয়নি।
শুক্রবার সকালে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার (পাইলট) অডিটোরিয়ামে আয়োজিত এক শ্রমিক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
অ্যাডভোকেট আতিকুর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও কোনো সরকারই শ্রমিকদের সমস্যার স্থায়ী ও আন্তরিক সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, ‘শ্রমিকরা দেশ গড়ার মূল কারিগর হলেও তারা সব সময় অবহেলার শিকার। ৮ ঘণ্টা কর্মদিবসের জন্য শ্রমিকরা রক্ত দিলেও আজও অনেক প্রতিষ্ঠানে ১০ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হচ্ছে, অথচ যথাযথ ওভারটাইম দেওয়া হয় না।’
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হোসেন আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বর্তমান গণতান্ত্রিক পরিবেশে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
রিপোর্টারের নাম 






















