বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো আসেনি। তিনি জানান, জামায়াতে ইসলামী ও সমমনা এগারোটি দল জনগণের মৌলিক দাবি আদায়ের লক্ষ্যে নিয়মতান্ত্রিক আন্দোলনে রয়েছে।
গত মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালিকাপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. তাহের এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা সরকারকে সতর্ক করার এবং জনগণকে সচেতন করার আন্দোলন করছি। আমরা সব সময় আন্দোলনে আছি এবং ভবিষ্যতেও থাকব। পাশাপাশি জাতীয় সংসদেও জনগণের দাবি আদায়ের চেষ্টা করব।”
ডা. তাহের আরও বলেন, “মানুষের দাবি আদায় বা সরকারের ভুলগুলো তুলে ধরার জন্য যতটুকু চাপ সৃষ্টি করা প্রয়োজন, আমরা সেটাই করছি।” এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানসহ স্থানীয় জামায়াত ও অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন। এছাড়া, সকালে চৌদ্দগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেন ডা. তাহের। সে সময় তিনি চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তেরোটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক প্রতিরোধে সবাইকে একযোগে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
রিপোর্টারের নাম 





















