দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক অবক্ষয় নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি অভিযোগ করেছেন, দেশে ছোটখাটো অপরাধ বা চুরি নিয়ে ব্যাপক আলোচনা হলেও যারা বড় বড় লুটেরা এবং দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, তারা বরাবরই আড়ালে থেকে যাচ্ছে।
আসিফ আকবর তার পোস্টে সমাজের দ্বিচারিতা তুলে ধরে বলেন, সামান্য খাবার চুরির দায়ে সাধারণ মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, অথচ যারা রাজনীতির ঢাল ব্যবহার করে দেশটাকে খোকলা করে দিচ্ছে, তারাই আবার জনপ্রতিনিধি সেজে জনগণের সামনে হাজির হচ্ছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষ আবেগের বশবর্তী হয়ে এসব লুটেরাদেরই নেতা বানাচ্ছে এবং তাদের পেছনে স্লোগান দিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
ক্রীড়াঙ্গনের সমালোচনা করে এই শিল্পী বলেন, সাফ ফুটবলের নেতৃত্বেও আমরা বিগত ফ্যাসিবাদী আমলের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমান নিস্পৃহ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সবকিছু যেন একটি পুরোনো নকশার অংশ হিসেবে চলছে।
নিজের বক্তব্যে ১৯৫৬ সালের প্রথম সবাক বাংলা চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর উদাহরণ টেনে আসিফ আকবর ২০২৪ সালের ৩ আগস্টের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বর্তমানের তুলনা করেন। তিনি মনে করেন, দেশের এক শ্রেণির সুবিধাবাদী ও ‘কালচারাল ফ্যাসিস্ট’ গোষ্ঠী এখনো সক্রিয় রয়েছে, যারা নিজেদের স্বার্থ হাসিলে পারদর্শী।
পোস্টের শেষাংশে তিনি আক্ষেপ করে বলেন, বাংলাদেশের মানুষের বিনাশের জন্য বাইরের শত্রুর প্রয়োজন নেই, নিজেদের ধ্বংসের জন্য এক শ্রেণির নেতিবাচক মানসিকতার মানুষই যথেষ্ট। তার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 





















