ঢাকা: বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার এইচ. ই. মোহাম্মদ শুহাদা ওসমান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার এবং মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আলোচনায় হালাল মাংস রপ্তানির সম্ভাবনা, প্রাণিজ পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা, দক্ষ জনবল উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশের বিশ্বখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগল মালয়েশিয়ায় রপ্তানির সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এই লক্ষ্যে প্রাণিস্বাস্থ্য সনদ, হালাল সার্টিফিকেশন, কোয়ারেন্টাইন ব্যবস্থা, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদণ্ড এবং বাজার সম্প্রসারণে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়। এছাড়াও মাছ, মাংস, দুধ ও অন্যান্য প্রাণিজ পণ্যের রপ্তানি সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে কাজে লাগিয়ে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি খাতে যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিপুল সুযোগ রয়েছে। তিনি হালাল মাংসের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা কামনা করেন।
মালয়েশিয়ার হাইকমিশনার এইচ. ই. মোহাম্মদ শুহাদা ওসমান বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। তিনি ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ সম্ভাবনাময় প্রাণিজ পণ্য এবং কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহের কথা জানান। পাশাপাশি দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে মালয়েশিয়া হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মি. হাজওয়ান হাসনোল উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























