বিএনপি সরকারের অধীনে রাজনৈতিকভাবে উত্তপ্ত টঙ্গীতে জুলাই সনদ বাস্তবায়ন এবং ‘জুলাই গণহত্যা’য় জড়িতদের বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলটির টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা শাখার আয়োজনে শনিবার বাদ আসর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে এই মিছিল শুরু হয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা, এরশাদনগর, হোসেন মার্কেট ও চেরাগআলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কলেজগেট এলাকায় এক সমাবেশে মিলিত হয়। টঙ্গী পূর্ব থানার আমির মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ৫৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির নুর মোহাম্মদ মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ শাকের এবং পশ্চিম থানা জামায়াতের আমির মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া। এ সময় পূর্ব থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইকবাল মাহমুদ, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) ভিপি মো. মাইনুল ইসলাম, মর্তুজা হাসান ফুয়াদ, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি নূর মোহাম্মদ, সেক্রেটারি সাইফুল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, ‘জুলাই আন্দোলনের পর দুই বছর পেরিয়ে গেছে। জাতীয় নির্বাচনের পর মানুষ আশা করেছিল, ২০২৪ সালের জুলাইয়ের মতো আর কোনো হত্যাকাণ্ড ঘটবে না। কিন্তু বর্তমানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলে নির্যাতনের শিকার হতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে।’
তিনি আরও বলেন, ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন, সেই জুলাই শহীদদের ভুলে গেছেন। তাই অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার করতে হবে। অন্যথায় দেশের জনগণ রাজপথে নামতে বাধ্য হবে।’
রিপোর্টারের নাম 


















