ভারী বর্ষণে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। সোমবারের টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হলে ডিটিসি (দিল্লি পরিবহন নিগম) বাসের ভেতরেও পানি ঢুকে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া দৃশ্যে দেখা যায়, বাসের মেঝেতে হাঁটুপানি জমে আছে এবং যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছেন। কোনো কোনো বাসে পানি এতটাই উঠেছে যে আসন পর্যন্ত ভেসে গেছে। এসব ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে নেটিজেনরা দিল্লি পরিবহন পরিষেবা ও বর্ষাকালে নগরীর অব্যবস্থাপনা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন।
মৌসুমি বৃষ্টিতে প্রতিবছরই দিল্লিতে জলাবদ্ধতার সমস্যা দেখা দেয়। তবে চলন্ত বাসের ভেতরে পানি ঢোকার ঘটনা সচরাচর না দেখা যাওয়ায় এটিকে পরিবহন কর্তৃপক্ষের যথাযথ প্রস্তুতির অভাবকেই ফুটিয়ে তুলেছে বলে মনে করছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা দিল্লি পরিবহন নিগমের দক্ষতা ও বর্ষা মৌসুমে নগর পরিকল্পনার ত্রুটি নিয়ে কঠোর সমালোচনা করছেন।
রিপোর্টারের নাম 























