দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. নওশেন ওয়ান। সোমবার মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
সহকারী সচিব শাহ আলম সিরাজ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববিদ্যালয় আইন ২০০১ অনুযায়ী তাকে আগামী চার বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তার অবসরের বয়সসীমা আগে পূর্ণ হলে সেই তারিখ পর্যন্তই তিনি স্বপদে বহাল থাকবেন। দায়িত্ব পালনকালে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং চ্যান্সেলর বা ভাইস চ্যান্সেলর কর্তৃক অর্পিত যাবতীয় দায়িত্ব পালন করতে হবে। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























