কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে সাইদুর রহমান নামের এক মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসার সুপার। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, সুপার সাইদুর রহমান কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসায় একজন শিক্ষককে জাল সনদের মাধ্যমে নিয়োগ দিয়েছিলেন। এ ঘটনায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
সিআইডি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। কিন্তু সুপার সাইদুর রহমান আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই পরোয়ানার ভিত্তিতে সাদা পোশাকে পুলিশ মাদরাসা সুপার সাইদুর রহমানকে গ্রেপ্তার করে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আদালতে দায়ের করা মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, সাইদুর রহমান এর আগেও নিয়োগ জালিয়াতির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এমনকি তিনি তার অপকর্ম ধামাচাপা দিতে নিজেকে একটি দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবেও দাবি করতেন।
রিপোর্টারের নাম 

























