হবিগঞ্জের মাধবপুরে অভিনব পন্থায় ভারতীয় জিরা পাচারের সময় ৬ হাজার ৩০০ কেজি (২১০ বস্তা) জিরাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ লাখ ৪০ হাজার টাকা। কাস্টমস কর্মকর্তার স্বাক্ষর ও অফিসিয়াল সিল জাল করে ভুয়া নথিপত্র তৈরি করে এসব জিরা অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২২ জুলাই রাত ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া রেলক্রসিং এলাকায় একটি বিশেষ তল্লাশি চালানো হয়। এ সময় একটি কাভার্ড ভ্যানকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা সেটির পিছু নেন।
রাত সাড়ে ১২টার দিকে চেকপোস্ট থেকে প্রায় ২০০ গজ দূরে বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক কাভার্ড ভ্যানটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি তল্লাশি করে ২১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। তল্লাশির সময় গাড়ির ড্যাশবোর্ড থেকে বিভিন্ন স্ক্যানকৃত নথি, ভুয়া সিল এবং কাস্টমস কর্মকর্তার অফিসিয়াল সিল জাল করে তৈরি করা বিল অব এন্ট্রি (Bill of Entry) সংক্রান্ত কাগজপত্র উদ্ধার হয়।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানিয়েছেন, দেশের অর্থনীতি সুরক্ষায় চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























