বিশ্ব দরবারে বাংলাদেশের পর্যটনকে তুলে ধরতে এবং দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও রন্ধনশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতি এবং বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে বৃহস্পতিবার মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। এবারের পর্যটন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”।
মন্ত্রী আফরোজা খানম বলেন, এবার আমরা সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই। দেশের পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে দেশীয় কৃষ্টি কালচার সম্বলিত প্রদর্শনী আয়োজন করা হবে। তিনি জেলা পর্যায়েও একই সময়ে উদযাপনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মন্ত্রী আরও বলেন, এবারের অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই আমরা। এ লক্ষ্যে পর্যটন খাতের বেসরকারি অংশীজনদের সহযোগিতা চান তিনি।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, এবারের পর্যটন দিবসে দেশের জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল) প্রচার করা হবে। তাছাড়া, বিদেশি দূতাবাসের অতিথিবৃন্দের সম্মানে লাইভ কুকিং শো ও রান্না প্রতিযোগিতার আয়োজন করা হবে, যাতে বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা যায়।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি সহ মন্ত্রণালয় ও অধীস্তন সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























