রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ ইকবাল হাসান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে হেরোইন পাচারের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গোদাগাড়ীর সাড়ইল এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি বাসে অভিযান চালিয়ে ইকবালকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি রাজশাহীর পুঠিয়া পৌরসভার রামজীবনপুর মহল্লায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ইকবালের স্কুলব্যাগ থেকে ১০০ গ্রাম ওজনের ১৫টি প্যাকেটে মোট দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল জানান, একজন অপরিচিত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জে তার হাতে হেরোইনের চালানটি তুলে দেন এবং এটি রাজশাহীতে আরেকজন অচেনা ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। পুরো যোগাযোগ প্রক্রিয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্পন্ন হচ্ছিল।
উপপরিচালক মেহেদী হাসান আরও বলেন, মাদক পাচারের ক্ষেত্রে ‘কাট-আউট’ পদ্ধতি একটি সাধারণ কৌশল, যেখানে বাহক, সরবরাহকারী ও গ্রহণকারী একে অপরকে চেনেন না। এর ফলে মূল হোতাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ইকবালকে গ্রেপ্তারের পর রাতভর অভিযান চালিয়েও চালানের গ্রহণকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি জানান, ইকবাল অর্থের বিনিময়ে এই হেরোইন বহনের দায়িত্ব নিয়েছিলেন। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলাটির তদন্ত করবে এবং মূল হোতাদের আইনের আওতায় আনতে আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের চেষ্টা করবে।
রিপোর্টারের নাম 
























