চব্বিশের জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার (তারিখ) বেলা দেড়টার দিকে শাখা সভাপতি ইউসুফ আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল থেকে ‘জুলাই নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’, ‘জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে’, ‘জুলাই সনদ মানে না যারা, বাংলাদেশের শত্রু তারা’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ষড়যন্ত্র করিস না, গদি কিন্তু থাকবে না’ এবং ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সমাবেশে শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন বলেন, গত জুলাই-আগস্টে যেভাবে রক্ত ও জীবন বাজি রেখে মানুষ রাজপথে নেমেছিল, আজও ঠিক সেই চেতনা নিয়ে তারা উপস্থিত হয়েছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সরকার গণভোট ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন সেখান থেকে সরে আসছে। তিনি আরও বলেন, আন্দোলনের মাধ্যমে যেমন পরিবর্তন আনা হয়েছে, তেমনি রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হতে হবে এবং বিচার না হওয়া পর্যন্ত নতুন প্রজন্ম ও জুলাই-যোদ্ধারা রাজপথ ছাড়বে না।
শাখা সভাপতি ইউসুফ আলী তার বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটলেও বর্তমান সরকারের কর্মকাণ্ডে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। তিনি অভিযোগ করেন, সরকার ফ্যাসিবাদের পথই অনুসরণ করছে এবং গণভোটের রায়কে উপেক্ষা করছে।
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রিপোর্টারের নাম 
























