গৃহকর্মী প্রীতি উরাংয়ের ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগে করা মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। বুধবার (২২ জুলাই) দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেনের আদালতে আসামিপক্ষের আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে এই দিন ধার্য করা হয়।
এদিন মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে, আসামিপক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার অভিযোগ গঠন বিষয়ে শুনানি পেছাতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী এ এস এম শাহাদাৎ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় আসামিপক্ষ সময় আবেদন করেছিল।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে ১৫ বছর বয়সী কিশোরী গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যু হয়। সে সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করতো। প্রীতির বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামে।
এ ঘটনায় মৃত গৃহকর্মী প্রীতির বাবা লুকেশ উরাং সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় (অবহেলাজনিত মৃত্যু) মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে গত ৩১ মার্চ ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের উপ-পরিদর্শক এস এম মাহমুদ রেজা দুই জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। এ মামলায় আশফাকুল হক ও তানিয়া খন্দকার চার মাস কারাভোগ করে বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।
রিপোর্টারের নাম 
























