ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ও বিভিন্ন ছাত্র সংগঠনের ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষ হয়। এ সময় পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করলে বহু শিক্ষার্থী আহত হন।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে হাজারো শিক্ষার্থী ও সমর্থক কনট প্লেস থেকে জনপথ হয়ে সংসদ মার্গের দিকে শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করেন। তবে সংসদ মার্গের প্রবেশমুখে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয়।
সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংসদ স্ট্রিট, কনট প্লেস ও প্যাটেল চৌক মেট্রো স্টেশন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) টিয়ারগ্যাস নিক্ষেপ করে এবং নির্বিচারে লাঠিচার্জ চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, কিছু বিক্ষোভকারী কাঁচ ও প্লাস্টিকের বোতল ছুড়ে মারেন।
শিক্ষার্থী সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ) অভিযোগ করেছে, তাদের দিল্লি বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা রোভিনের বাম হাত ভেঙে গেছে। এছাড়া আরও কয়েকজন কর্মী ঘাড়, পিঠ, হাত ও পায়ে গুরুতর আহত হয়েছেন। সংগঠনটি আরও অভিযোগ করেছে যে, নারী বিক্ষোভকারীদের ওপরও পুরুষ পুলিশ সদস্যরা লাঠিচার্জ করেছেন।
টিয়ারগ্যাসে আক্রান্ত এক বিক্ষোভকারী জানান, তারা সকাল থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, কিন্তু চারদিকে ব্যারিকেড থাকায় নিরাপদে সরে যাওয়ার কোনো পথ ছিল না। অনেক শিক্ষার্থী অভিযোগ করেন যে, নিরাপদে বেরিয়ে আসার চেষ্টা করলেও পুলিশ সহযোগিতা না করে উল্টো তাদের ওপর লাঠিচার্জ করে। পরবর্তীতে তারা আত্মরক্ষার্থে রাস্তার পাশে থাকা যানবাহনের আড়ালে আশ্রয় নিতে বাধ্য হন।
ঘটনার পর সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রশ্ন তোলে, ‘এটি কি যুদ্ধক্ষেত্র? শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর কেন টিয়ারগ্যাস ব্যবহার করা হচ্ছে?’ দলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে আরও লিখেছে, ‘আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা আর গণতন্ত্রে বাস করছি না? এক মাস ধরে সরকার এই আন্দোলন উপেক্ষা করেছে, আর এখন আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করলে আমাদের ওপর হামলা করা হচ্ছে।’
রিপোর্টারের নাম 






















