দেশের অধিকাংশ আইনজীবীর মধ্যে মামলার প্রতি প্রয়োজনীয় দায়বদ্ধতা ও পেশাগত নিষ্ঠার অভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই উদ্বেগ জানান।
প্রধান বিচারপতি তার বক্তব্যে বলেন, “আইনজীবীদের মধ্যে পেশার প্রতি ডেডিকেশনের অভাব দেখছি। একজন আইনজীবী হাতে যে মামলা নেন, এর প্রতি তার কমিটমেন্ট থাকতে হবে।” তিনি আরও যোগ করেন, বিচারপ্রার্থীরা আল্লাহর পর তাদের আইনজীবীর ওপর সবচেয়ে বেশি ভরসা করেন, কিন্তু অনেক সময় দেখা যায় আইনজীবীরা প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই আদালতে হাজির হন।
আইনজীবীদের উদ্দেশে জুবায়ের রহমান চৌধুরী পরামর্শ দেন, “আপনারা যেন কেবল সেই পরিমাণ মামলা গ্রহণ করেন, যেগুলোর প্রতি যথাযথ সময়, প্রস্তুতি ও মনোযোগ দিতে সক্ষম হবেন। কারণ, তিনি আপনাকে প্রফেশনালি নিয়োগ করেছেন। তার প্রতি সুবিচার করা আপনার লিগ্যাল, এথিক্যাল, মরাল দায়িত্ব।” তিনি জোর দেন যে, বিচারকরা বিচার করবেন, কিন্তু তার আগে মামলাটি সঠিকভাবে আদালতে উপস্থাপন করা আইনজীবীরই দায়িত্ব।
সদ্য প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের কর্মজীবন স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান বিচারপতি জমির উদ্দিন সরকারকে একজন চমৎকার ভদ্রলোক, স্বল্পভাষী এবং সুসজ্জিত ব্যক্তি হিসেবে বর্ণনা করে বলেন, তিনি যে মামলাই গ্রহণ করতেন, তা অত্যন্ত দায়বদ্ধতা নিয়ে পরিচালনা করতেন এবং মামলার মেরিট সম্পর্কে আদালতকে সন্তুষ্ট করতে সর্বোচ্চ চেষ্টা করতেন। এই বৈশিষ্ট্য ও গুণাবলীর অভাব বর্তমান সময়ে পরিলক্ষিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হকসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























