জর্ডানে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই মার্কিন সেনার পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। নিহতরা হলেন ২৫ বছর বয়সী লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং ১৯ বছর বয়সী ইসাবেলা গনজালেস। পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়েছে, তারা মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল-এর বিরুদ্ধে চলমান মার্কিন অভিযানে দায়িত্বরত ছিলেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার জেরে এ অঞ্চলে মোতায়েন মার্কিন সেনারা ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়েছেন। সামরিক তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৭ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন সেনারা সরাসরি ইরানের ভূখণ্ডে অবস্থান না করলেও পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের উপস্থিতি ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ায় এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 






















