বান্দরবানের লামা উপজেলায় টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে আশ্রয়হীন হয়ে পড়া প্রায় ৪০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে বেসরকারি সংস্থা মুসলিম এইড ইউ.কে বাংলাদেশ ফিল্ড অফিস। কারিতাস বাংলাদেশের সহযোগিতায় উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই সহায়তা প্রদান করা হয়।
রবিবার লামা পৌরসভার মধুঝিরিস্থ কারিতাস বাংলাদেশের পিএইপি-৩ প্রকল্প কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল চাল, লবণ, বিশুদ্ধ পানি, বিস্কুট এবং ভোজ্যতেল।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, মুসলিম এইড ইউ.কে বাংলাদেশ ফিল্ড অফিসের ফাইন্যান্স ম্যানেজার রেমন্ড গমেজ, প্রকল্প সমন্বয়ক এস. এম. মনোয়ার হোসেন, প্রোগ্রাম ম্যানেজার মোত্তাসিম বিল্লাহ, কারিতাস বাংলাদেশের পিএইপি-৩ প্রকল্পের লামা উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা এবং সংস্থার কর্মী লিটন বিশ্বাস ও ইনকিং চাকমা উপস্থিত ছিলেন।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। পৌরসভার বাসিন্দা মফিজা খাতুন, আমির হোসেন, আমেনা বেগম, হ্লাচিংনু মার্মা ও নাছিমা আক্তারসহ অনেকেই জানান, টানা বৃষ্টি ও ভূমিধসের কারণে অনেকে কর্মহীন হয়ে পড়েছেন এবং খাদ্য সংকটে ভুগছেন। এই পরিস্থিতিতে মুসলিম এইড এবং কারিতাসের মানবিক সহায়তা তাদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।
কারিতাস বাংলাদেশের পিএইপি-৩ প্রকল্পের লামা উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে এই সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্থানীয়রা জানান, সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে লামা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রিপোর্টারের নাম 
























