রংপুরের পীরগাছায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তদন্তে উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে জরুরি ভিত্তিতে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ বহাল রয়েছে।
রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন এই তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমিকে আহ্বায়ক এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সানোয়ার মোর্শেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেনকে সদস্য করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে নিম্নমানের ইট, ভিটি বালু, চিকন রড এবং প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। তাদের দাবি, শুরু থেকেই নির্মাণকাজে নানা অনিয়ম চলছে। অভিযোগের প্রতিবাদ করতে গেলে ঠিকাদারপক্ষের লোকজন হামলা চালায় বলেও তারা জানান। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা পীরগাছা-রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ইউএনওর স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, গত ১৭ জুলাই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নির্মাণকাজে নিম্নমানের ইট, ভিটি বালু, অপর্যাপ্ত সিমেন্ট এবং শিডিউলবহির্ভূত রড ব্যবহারের অভিযোগ উঠে আসে। এসব অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করে তথ্যভিত্তিক মতামতসহ প্রতিবেদন দিতে কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রকল্পের শিডিউল ও নির্মাণমান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত প্রতিবেদনে কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
রিপোর্টারের নাম 






















