রাজধানীর অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক পোশাকশ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। আত্মরক্ষার তাগিদে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন ওই নারী শ্রমিক। এই ঘটনায় অভিযুক্ত বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ‘ইতিহাস পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটি এবং উদ্ধার করা হয়েছে ভুক্তভোগীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত। গত ১২ জুলাই রাতে দিনাজপুর থেকে ফিরে গন্তব্যে পৌঁছানোর জন্য তিনি চন্দ্রা থেকে একটি লোকাল বাসে ওঠেন। বাসটি শ্রীপুর স্ট্যান্ডে পৌঁছালে অন্য সব যাত্রী নেমে গেলেও চালক ও হেলপার নতুন কোনো যাত্রী তোলেননি। এতে আতঙ্কিত হয়ে ওই নারী নামতে চাইলেও চালক দ্রুতগতিতে বাস চালাতে থাকেন। একপর্যায়ে নির্জন স্থানে হেলপার তার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করলে তিনি জীবন বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দেন।
আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে গোপালগঞ্জের বাসিন্দা ও বাস চালক আজিজুল শিকদার ওরফে রাজুকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত হেলপার এখনো পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























