পদ্মা সেতু চালু হওয়ার পরও শরীয়তপুরবাসীর ভাগ্যের চাকা প্রত্যাশিত গতিতে ঘুরছে না। জেলা শহর থেকে পদ্মা সেতুর নাওডোবা প্রান্ত পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ প্রকল্পটির মেয়াদ ছয় বছর পার হলেও তা আলোর মুখ দেখেনি। নির্ধারিত সময়সীমা গত ৩০ জুন শেষ হলেও প্রকল্পের কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে। ফলে স্থানীয়দের দীর্ঘদিনের স্বপ্নের এই সড়কটি এখন তাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, জমি অধিগ্রহণ সংক্রান্ত দীর্ঘসূত্রতার কারণে প্রকল্পের কাজ বারবার বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে ২৭ কিলোমিটার সড়কের বড় একটি অংশ এখনো চলাচলের অনুপযোগী। এছাড়া কীর্তিনাশা নদীর ওপর নতুন সেতু নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় তা কোনো কাজে আসছে না। বাধ্য হয়ে সাধারণ মানুষকে এখনো ঝুঁকিপূর্ণ পুরনো পথেই যাতায়াত করতে হচ্ছে, যার ফলে প্রতিদিন ঘটছে চরম জনভোগান্তি।
রিপোর্টারের নাম 
























