কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়। এর মাধ্যমে কুমিল্লা উত্তর জেলা বিএনপির দীর্ঘদিনের কমিটি বিলুপ্ত হলো।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০২২ সালের ২৯ মে অনুমোদিত মো. আক্তারুজ্জামান সরকার আহ্বায়ক এবং এ এফ এম তারেক মুন্সী সদস্য সচিবের নেতৃত্বাধীন ৪১ সদস্যের কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটিতে আবুল হাশেমকে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়াও সাতজনকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে। তারা হলেন—সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া এবং সুফিয়া খাতুন।
দলীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে কুমিল্লা উত্তর জেলা বিএনপির একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। এই কমিটি গঠনের মধ্য দিয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপিতে নতুন সাংগঠনিক গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























