ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান বদ্ধপরিকর বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও প্রতিশোধের জন্য সম্ভাব্য সব আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া ব্যবহার করা হবে।
সোমবার তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধে যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা ইরানের রাজনৈতিক, নৈতিক ও আইনি দায়িত্ব। তিনি জোর দিয়ে বলেন, এই আক্রমণের সময় সংঘটিত নৃশংসতার বিচার করার ক্ষেত্রে কোনো সময়সীমা নেই। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধীদের শাস্তি নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ নীতি।
বাঘাই আরও বলেন, সংঘাতে নিহত অন্যদের বিচার ও প্রতিশোধ নেওয়া ইরানের জনগণের একটি গুরুত্বপূর্ণ দাবি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক আদালত ও কূটনৈতিক সব পথ ব্যবহার করে কাজ করবে। তিনি জানান, দেশের ভেতরেও নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে, যা ইরানের বৃহত্তর আইনি প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হবে।
রিপোর্টারের নাম 
























