মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করেছে, বহু বছর ধরে যুদ্ধ ও সামরিক হামলা চালিয়ে আসা যুক্তরাষ্ট্র তাদের সশস্ত্র বাহিনীর হাতে সাম্প্রতিক পরাজয় থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে। কুয়েত, বাহরাইন ও জর্ডানসহ একাধিক দেশে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আইআরজিসি’র দাবি অনুযায়ী, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক এবং একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। একই দেশের আহমদ আল-জাবের বিমানঘাঁটিতে একটি কৌশলগত রাডার ব্যবস্থাও সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এছাড়া, কুয়েতে অবস্থিত একটি মার্কিন ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। এই হামলায় দুটি হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্র এবং ক্ষেপণাস্ত্র বোঝাই গুদামে আগুন ধরে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ইরানের এই সামরিক বাহিনী।
প্রতিশোধমূলক অভিযানে জর্ডানে যুক্তরাষ্ট্রের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলেও আইআরজিসি দাবি করেছে। এই হামলায় কয়েকটি জ্বালানি ডিপো এবং গোলাবারুদের গুদামে আগুন ধরে যায় বলে বিবৃতিতে জানানো হয়।
বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ড্রোন বহর ধ্বংস হয়ে গেছে বলেও ইরানি বাহিনী দাবি করেছে। বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, একটি পি-৮ বিমান রাখা হ্যাঙ্গার এবং একটি মার্কিন সামরিক ড্রোন কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টারে হামলা চালানো হয়েছে বলে আইআরজিসি’র বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 























