কক্সবাজারের পেকুয়ায় বন্যার পানিতে ডুবে মুশফিকুর রহিম নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার প্রবাসী নাছিরের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা রাতের খাবার খাওয়ার সময় সবার অগোচরে শিশুটি বাড়ির উঠানে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে উঠানের পানিতে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অনেক জায়গায় এখনও পানি জমে আছে। এমন অবস্থায় অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
রিপোর্টারের নাম 

























