চট্টগ্রামে শনিবার রাত থেকে শুরু হওয়া টানা ভারি বর্ষণে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নগরীর নিচু এলাকাগুলো তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। চকবাজার, বহদ্দারহাট, কাপাসগোলা ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় সড়ক ছাপিয়ে পানি ঢুকে পড়েছে বাসাবাড়িতে। অনেক জায়গায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে থাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অল্প বৃষ্টিতেই নগরীর প্রধান সড়ক ও অলিগলি তলিয়ে যাওয়া এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি ও খালগুলো পরিষ্কার না থাকায় পানি নামতে দীর্ঘ সময় লাগছে। বিশেষ করে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। কালুরঘাট ও আরাকান সড়কের নিচু এলাকাগুলোতেও জলাবদ্ধতার কারণে স্থবিরতা নেমে এসেছে।
আবহওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে আরও কয়েকদিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের নেওয়া প্রকল্পগুলো কেন কার্যকর হচ্ছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। তারা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করার দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























