দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন পাঁচটি জেলায় শনিবারের (১১ জুলাই) আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বোর্ড (সকল জেলা) এবং চট্টগ্রাম বোর্ডের আওতাধীন মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের শনিবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে।
তবে, দেশের অন্যান্য জেলায় শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের শনিবারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























