কুমিল্লার চৌদ্দগ্রামে এক বিধবা নারীর বসতবাড়ির সীমানা প্রাচীর ও গোয়ালঘর জোরপূর্বক ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। ভুক্তভোগী সুফিয়া বেগম এ ঘটনায় থানায় ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাঙ্গিশ্বর গ্রামের মৃত আবদুল ওহাবের স্ত্রী সুফিয়া বেগমের মালিকানাধীন জায়গায় দীর্ঘদিন ধরে রাস্তা তৈরির পাঁয়তারা করছিল প্রতিবেশী একটি পক্ষ। ইতিপূর্বে এ নিয়ে আদালতে মামলা হলে রায় সুফিয়া বেগমের পক্ষে যায়। তবে গত ৫ জুলাই সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও যন্ত্র নিয়ে হামলা চালিয়ে পাকা দেয়াল ও গাছপালা ধ্বংস করে। বাধা দিতে গেলে ওই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। বর্তমানে দুই প্রবাসী ছেলের মা সুফিয়া বেগম চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
রিপোর্টারের নাম 























