কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক কিশোর যাত্রী। বুধবার দুপুরে মহাসড়কের নূরীতলা এলাকায় বৃষ্টির মধ্যে একটি দ্রুতগামী লরি অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা ও লরি—উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।
নিহতরা হলেন—অটোরিকশা চালক হানিফ মিয়া (৩৫) এবং কিশোর যাত্রী লাবিব হোসেন (১৫)। এই ঘটনায় সজীব হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন, তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত লাবিব ও আহত সজীব সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ জানায়, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের পাশাপাশি আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 
























