টানা অতিবৃষ্টির ফলে রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড়ধসের ঘটনায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকালে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের বালুচরা এলাকায় পাহাড়ের মাটি ও বিশাল একটি গাছ উপড়ে সড়কের ওপর পড়লে এই পরিস্থিতির সৃষ্টি হয়। একই সঙ্গে এলাকাটি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ায় জনভোগান্তি চরমে পৌঁছেছে।
ঘটনার পর কাপ্তাই ফায়ার সার্ভিস, বন বিভাগ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা স্থানীয়দের সহায়তায় সড়ক পরিষ্কারের কাজ শুরু করেছেন। তবে ভারী বর্ষণ অব্যাহত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
কাপ্তাই উপজেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগ মোকাবিলায় ইতোমধ্যে পাঁচটি ইউনিয়নে ১৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে বিশেষ টিম। এদিকে বান্দরবানেও পাহাড়ধসের ঝুঁকি এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























