তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গঠিত কার্লোস আনচেলত্তির ব্রাজিল প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে। সিউলে অনুষ্ঠিত এই ম্যাচে সেলেসাওরা একচেটিয়া আধিপত্য বিস্তার করে স্বাগতিকদের ৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে।
সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত এই ম্যাচে এস্তেভোঁ এবং রদ্রিগো দুটি করে গোল করেন। অন্য গোলটি আসে ভিনিসিউস জুনিয়রের পা থেকে।
ম্যাচের ১৩ মিনিটে দারুণ এক গোলে এগিয়ে যায় ব্রাজিল। ব্রুনো গিমারাইসের পাস থেকে ছয় গজ বক্সের প্রান্তে ডান পায়ের শটে বল জালে পাঠান এস্তেভোঁ।
দ্বিতীয় গোলটি আসতে কিছুটা সময় লাগে। ৪১ মিনিটে রদ্রিগোর দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ভিনিসিউসের কাটব্যাক করা বল কাসেমিরোর পাস হয়ে দুই ডিফেন্ডারের পাশ দিয়ে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগো কোণাকুণি শটে ঠিকানা খুঁজে নেন। দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের আক্রমণাত্মক খেলা অব্যাহত থাকে এবং তারা মাত্র দুই মিনিটের ব্যবধানে আরও দুটি গোল অর্জন করে। ৪৭ মিনিটে এস্তেভোঁ বল ধরে ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল তাঁর অষ্টম ম্যাচে তৃতীয় গোল।
দুই মিনিট পর স্বাগতিকরা চতুর্থ গোলটি হজম করে। ভিনিসিউসের পাস বক্সে ফাঁকায় পেয়ে রদ্রিগো কোণাকুণি শটে গোলকিপারকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি সম্পন্ন করেন।
৭৭ মিনিটে মাথেউস কুইয়ার পাস মাঝমাঠে ধরে দ্রুত গতিতে সবাইকে পেছনে ফেলে বক্সে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারকে পরাস্ত করেন ভিনিসিউস জুনিয়র। এশিয়া সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী মঙ্গলবার স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল।
এদিকে, শুক্রবার ভোর ৬টার দিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে। তবে এই ম্যাচে তারকা খেলোয়াড় লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এ বিষয়ে দলের কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘আমরা মেসির সঙ্গে কথা বলেছি এবং আমরা সব ফুটবলারকেই পাচ্ছি। তবে লাইনআপ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ম্যাচের আগে শেষ অনুশীলনের পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সাধারণত এই ধরনের ম্যাচগুলোতে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত এবং আমরা সেটাই করব। আমি বিকল্প নতুন কিছু বাজিয়ে দেখতে চাই।’
রিপোর্টারের নাম 























