চলতি বছর ২৮ নভেম্বর থেকে ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। এই বৈশ্বিক আসরে অংশগ্রহণের জন্য বাংলাদেশ দল তাদের স্কোয়াড চূড়ান্ত করেছে। ঘোষিত ২০ সদস্যের দলে ওমানে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ছয়জন খেলোয়াড় এবার জায়গা পাননি।
দল থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন গোলরক্ষক নয়ন, সুমন্ত চাকমা, শহীদুল ইসলাম, তৈয়ব আলী, সাদ্দাম হোসেন, এবং শিমুল ইসলাম। এদের মধ্যে মিডফিল্ডার তৈয়ব আলী অবশ্য কিছুদিন আগেই ভারতের বিহারে অনুষ্ঠিত এশিয়া কাপে জাতীয় দলের হয়ে খেলে এসেছেন।
জানা গেছে, মালয়েশিয়াতে চারটি ম্যাচ খেলার পরই বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের এই স্কোয়াড মূলত চূড়ান্ত করা হয়।
দল গঠন প্রক্রিয়া নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্তব্য করেছেন, “যারা আগের পারফর্মার, তাদের চূড়ান্ত দলে নেওয়া হয়নি। তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে।”
তবে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান এই প্রসঙ্গে বলেন, “বিশ্বকাপের জন্য ২০ সদস্যের দল চূড়ান্ত হয়েছে। এর মধ্যে দুজন স্ট্যান্ড বাই হিসেবে আছেন। কোচ যাদের ভালো মনে করেছেন, তাদেরই দলে নেওয়া হয়েছে।”
মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও শহীদুর রহমান।
রিপোর্টারের নাম 






















